থালাপতি বিজয়ের সিনেমা নিয়ে নির্মাতাদের নতুন সিদ্ধান্ত

তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়কণ’ মুক্তিকে ঘিরে চলমান আইনি জটিলতায় নতুন মোড় এসেছে। সেন্সর সার্টিফিকেট সংক্রান্ত দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটাতে নির্মাতারা তাদের করা রিট পিটিশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা মামলাটি প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘ সময় ধরে সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর অনুমোদনের অপেক্ষায় ছিল।
সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিনেমাটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও পরবর্তীতে ডিভিশন বেঞ্চ সেই আদেশে স্থগিতাদেশ দেন। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হলেও মামলাটি পুনরায় মাদ্রাজ হাইকোর্টে ফেরত পাঠানো হয়।
বিজ্ঞাপন
আইনি প্রক্রিয়া দীর্ঘ না করে এবার ভিন্ন পথে হাঁটছে নির্মাতা পক্ষ। সিবিএফসি-এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে সিনেমাটিকে ‘রিভাইজিং কমিটি’র কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আদালতের পরিবর্তে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: পরীমনিকে গুলি করে হত্যার হুমকি
প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস জানিয়েছে, এখন তাদের মূল লক্ষ্য দ্রুত সেন্সর বোর্ডের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া। মামলা প্রত্যাহার হওয়ায় বোর্ডের কাছে দ্রুত সার্টিফিকেশনের জন্য আবেদন করার পথও সহজ হলো।








