ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদন করার কথা ভাবছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি বাতিল হওয়া প্রায় ছয় হাজার ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবিও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক ও সংসদীয় ব্যবস্থায় নির্বাচনই জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ উপায়। সে কারণে তাদের দল সবসময় নির্বাচনমুখী রাজনীতি করে এবং এবারের নির্বাচনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
তিনি দাবি করেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।
বিজ্ঞাপন
চূড়ান্ত সরকারি ফল এখনো প্রকাশ না হলেও বেসরকারি ফলাফল বিভিন্ন নথির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল শিট, সহকারী রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট দুই উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫০টি কেন্দ্রে তাদের কাছে থাকা শিটের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফলের মধ্যে কিছু অসামঞ্জস্য পাওয়া গেছে। ব্যবধান কম হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি ভিত্তি পেলে পুনর্গণনার আবেদন করা হবে।
গোলাম পরওয়ার আরও বলেন, প্রায় ছয় হাজার ভোট বাতিল হয়েছে। এসব ভোট বিধি মেনে বাতিল করা হয়েছে কিনা, তা যাচাই প্রয়োজন। কোথাও ওভাররাইটিং, অঙ্ক লেখায় ভুল বা গণনায় ত্রুটি থাকলে আইন অনুযায়ী পুনর্গণনার মাধ্যমে তা পরীক্ষা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তার দাবি, প্রায় দেড় লাখ ভোটার তার পক্ষে ভোট দিয়েছেন। অল্প ব্যবধানে ফল হওয়ায় অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে। এক হাজারের মতো ভোটের ব্যবধান ও বিপুলসংখ্যক বাতিল ভোটের বিষয়টি পুনরায় পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিজ্ঞাপন
ডুমুরিয়া-ফুলতলার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, জয়-পরাজয় রাজনীতির অংশ হলেও তিনি নিজেকে নৈতিকভাবে পরাজিত মনে করেন না। অসৎ পন্থা বা প্রভাব খাটিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেননি বলেও উল্লেখ করেন।
এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উচ্চ উপস্থিতির কারণে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এজন্য ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।








