প্রথমবার সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারই প্রথম সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে। বরগুনা-১ আসনে দলটির প্রার্থী মো. অলি উল্লাহ নির্বাচনে বিজয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতসহ সমমনা দলগুলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং গণভোট আলাদা করার দাবিতে একজোট আন্দোলনে অংশ নিতেও একত্রিত হয়েছিল।
বিজ্ঞাপন
তবে আসন ভাগাভাগি নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের মতবিরোধের কারণে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি এককভাবে ২৫৮টি আসনে প্রার্থী দিতে সিদ্ধান্ত নেয়।
ইসলামী আন্দোলন ১৯৮৭ সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে মতভেদ ও বিভাজনের প্রেক্ষাপটে এটি চরমোনাই সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে আলাদা রাজনৈতিক দলে রূপ নেয়। ১৯৯১ থেকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে সক্রিয় হয়ে ২০০৮ সালে দলটি ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ নামে নিবন্ধিত হয়। দলটির প্রতীক হলো হাতপাখা।
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ আসনে প্রার্থী দেয়। বরিশাল-৫ ও ৬ আসনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করলেও দু’টিতেই বিজয় পাননি। বরিশাল-৫ আসনে বিএনপি উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোটে জয়ী হন, আর ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট। বরিশাল-৬ আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে প্রথম হন, জামায়াত প্রার্থী ৫৪ হাজার ৫৩৩ ভোট পান, এবং ফয়জুল করীম ২৮ হাজার ৮২৩ ভোট পান।
বরগুনা-১ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে মো. অলি উল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে পরাজিত করেন। মোট ভোটে অলি উল্লাহ ১ লাখ ৩৮ হাজার ৫১২ এবং নজরুল ইসলাম মোল্লা ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট পান।
বিজ্ঞাপন
এর মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো সংসদে প্রতিনিধিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।








