Logo

ঢাকার মেয়র নির্বাচনে লড়বেন ইনকিলাব মঞ্চের জাবের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১০
ঢাকার মেয়র নির্বাচনে লড়বেন ইনকিলাব মঞ্চের জাবের
আব্দুল্লাহ আল জাবের | ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ-এর সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। সংগঠনের পক্ষ থেকে তাকে মেয়র প্রার্থী হিসেবে সামনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ডাকসু নির্বাচনে শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমা।

তিনি জানান, সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে আব্দুল্লাহ আল জাবেরকে মনোনীত করা হচ্ছে।

বিজ্ঞাপন

রাজপথের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের সদস্যসচিব হিসেবে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। বিশেষ করে হাদি হত্যার বিচার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে তার সরব উপস্থিতি ও নেতৃত্ব তাকে সাধারণ মানুষের মধ্যে পরিচিত মুখে পরিণত করেছে।

সংগঠনের নেতারা বলছেন, নগর পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই মেয়র নির্বাচনে অংশ নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে ঢাকার নাগরিক সেবা ও প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা তাদের।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনকে সামনে রেখে আব্দুল্লাহ আল জাবেরের এই ঘোষণা নগর রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD