Logo

আল্লাহ জামায়াতকে পরিপূর্ণ বিজয় দান করবেন: ডা. শফিকুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬
আল্লাহ জামায়াতকে পরিপূর্ণ বিজয় দান করবেন: ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

দেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামনে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহ তায়ালা একদিন জামায়াতকে পরিপূর্ণ বিজয় দান করবেন।

বিজ্ঞাপন

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু খণ্ডিত উপস্থাপনার বিষয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান লেখেন, নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট যে ভোট পেয়েছে, তার পরিসংখ্যান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রাপ্তি ৩৮ দশমিক ৫০ শতাংশ। অর্থাৎ প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন, যা একটি বড় ধরনের গণসমর্থনের প্রতিফলন।

বিজ্ঞাপন

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতের অনেক সীমাবদ্ধতা ও রেকর্ড অতিক্রম করে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে যেখানে দলটি মাত্র দুটি আসন পেয়েছিল, সেখানে আজ কোটি মানুষের সমর্থন অর্জন জনআস্থার স্পষ্ট প্রমাণ এবং এক নতুন রাজনৈতিক যাত্রার সূচনা।

তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রায় অর্ধেক ভোটার এখন সংস্কার, জবাবদিহিতা ও নীতিনিষ্ঠ রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। এই বাস্তবতা ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বহন করে।

বিজ্ঞাপন

পরবর্তী করণীয় সম্পর্কে জামায়াত আমির বলেন, এখন সময় এসেছে শৃঙ্খলা, সংযম ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে গঠনমূলক বিরোধী ভূমিকা পালন করতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের আরও বিস্তৃত আস্থা অর্জনের জন্য সংগঠনকে প্রস্তুত করতে হবে। দলীয় ঐক্য আরও দৃঢ় করা এবং সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, ধারাবাহিক ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়ে জামায়াতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন, আল্লাহর সহায়তায় একদিন এই পথচলার চূড়ান্ত সাফল্য অর্জিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD