ডা. রফিকুল ইসলামের শারীরিক খোঁজ নিতে বিএমইউতে মির্জা ফখরুল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থা খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বিএমইউ কেবিন ব্লকে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ডা. রফিকুল ইসলামের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি, চলমান চিকিৎসা প্রক্রিয়া এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, মহাসচিব কিছু সময় কেবিনে অবস্থান করে রোগীর সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
বিজ্ঞাপন
এসময় বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক (জনসংযোগ) ডা. মো. সাইফুল আজম রঞ্জু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এটিএম আমিনুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টাফও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
হাসপাতাল ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ডা. রফিকুল ইসলামের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক দল নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন এবং চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।
ডা. রফিকুল ইসলাম বিএনপির স্বাস্থ্য নীতিনির্ধারণী কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বর্তমানে অসুস্থতার কারণে হাসপাতালে রয়েছেন। তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ থাকলেও চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে সঠিক চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।








