হান্নান মাসউদ ও আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে: নাছির উদ্দীন

নোয়াখালীর হাতিয়া ধর্ষণ সংক্রান্ত ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ ও মুখপত্র আসিফ মাহমুদ এবং সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন নাসির, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক।
বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসির লিখেছেন, “নোয়াখালীর হাতিয়া ধর্ষণ অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল। স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী এটি ভিত্তিহীন ও অসত্য। একটি সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ।”
তিনি আরও উল্লেখ করেছেন, “নথিভুক্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০:২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে অন্যত্র গিয়ে ঘটনা ঘটিয়েছেন—এমন দাবি বাস্তবতা ও যুক্তির পরিপন্থী। হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে দুই ঘণ্টারও বেশি সময় লাগে। তাই একই সময়ে দুই স্থানে উপস্থিত থাকার অভিযোগ অসঙ্গত এবং প্রশ্নবিদ্ধ। এই পরিস্থিতিতে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার কর্মসূচি স্থগিত করেছেন, যা ঘটনার ভিন্ন মাত্রা আরও স্পষ্ট করে।”
বিজ্ঞাপন
নাসিরের বক্তব্য, “ধর্ষণের মতো গুরুতর ও সংবেদনশীল অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা, মব তৈরির চেষ্টা এবং একটি রাজনৈতিক দলকে হেয় করা শুধু নৈতিক অবক্ষয়ের পরিচয় নয়, এটি সামাজিক স্থিতিশীলতার জন্যও বিপজ্জনক। তাই এনসিপির হান্নান মাসুদ, আসিফ মাহমুদ, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং রাজনৈতিক চক্রকে স্পষ্টভাবে জাতীয় জনতার কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার এবং মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করার আহ্বান জানাচ্ছি। সত্য প্রতিষ্ঠিত হোক, অপপ্রচার বন্ধ হোক এবং স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সংস্কৃতি চিরতরে পরিহার করা হোক।”








