Logo

এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১
এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ (সোমবার) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার সন্ধ্যায় তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই ধারাবাহিক যোগাযোগকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশে ৩০০ আসনে ২৫৭ প্রার্থী দিয়েছিল। বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।

বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করীম। এ আসনের মোট ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট, যা প্রত্যাশার তুলনায় অনেক কম বলে মনে করছেন ভোটাররা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD