Logo

রাজপথের প্রতীকী সবুজ জার্সিতেই সংসদে হাজির হাসনাত আব্দুল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৩
রাজপথের প্রতীকী সবুজ জার্সিতেই সংসদে হাজির হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে যে সবুজ জার্সি পরে সক্রিয় ছিলেন জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ, সেই চিরচেনা পোশাকেই শপথ গ্রহণের উদ্দেশ্যে জাতীয় সংসদে গেছেন তিনি। রাজপথের আন্দোলন ও সংগ্রামের স্মৃতি বহন করা এই জার্সিই এখন তার রাজনৈতিক পরিচয়ের এক অনন্য প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৬ মিনিটে তিনি দলের প্রধান নাহিদ ইসলাম-এর সঙ্গে একই গাড়িতে করে জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন।

সংসদ ভবন চত্বরে দেখা যায়, নাহিদ ইসলাম নীল রঙের কলারযুক্ত পাঞ্জাবি পরলেও হাসনাত আব্দুল্লাহ পরেছিলেন তার পরিচিত সবুজ জার্সি। জার্সিটিতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর লোগো, যা ছাত্র-জনতার আন্দোলনের স্মারক হিসেবেই বেশি পরিচিত।

বিজ্ঞাপন

জুলাই বিপ্লবের চেতনা ধারণকারী কর্মী ও সমর্থকদের কাছে এই সবুজ টি-শার্ট এখন একটি প্রতীকী পোশাকে পরিণত হয়েছে। ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের দিনগুলোতে রাজপথের সম্মুখভাগে হাসনাত আব্দুল্লাহকে এই পোশাকেই বারবার দেখা গেছে।

এর আগে, বেলা পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা সংসদ ভবনে শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

এদিকে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

এছাড়া আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনসংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD