Logo

বগুড়া-৬ আসনের নির্বাচনে আলোচনায় জুবাইদা-জাইমা-শর্মিলা

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৬
বগুড়া-৬ আসনের নির্বাচনে আলোচনায় জুবাইদা-জাইমা-শর্মিলা
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ আসন আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে দুটি আসনে জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ ছেড়ে দেওয়ায় এখানে উপ-নির্বাচন প্রায় নিশ্চিত। সম্ভাব্য প্রার্থী কে হবেন, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।

বিজ্ঞাপন

সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া-৬। ফলে এখানে মনোনয়ন কাকে দেওয়া হবে, তা কেবল উপ-নির্বাচনের বিষয় নয়; বরং সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় আরও আছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ অন্য নেতারা।

দলের কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বগুড়া-৬ আসন দলের ঐতিহ্যের অংশ। এখানে এমন কাউকে প্রার্থী করা উচিত, যিনি সরকারের প্রতিনিধিত্ব করতে পারবেন। তৃণমূলের অনেকেই স্থানীয় পরীক্ষিত নেতৃত্বের পক্ষে মত দিচ্ছেন।

রেজাউল করিম বাদশা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। মনোনয়ন যাকে দেওয়া হবে, তিনিই উপ-নির্বাচনে অংশ নেবেন। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র থেকেই আসবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আসনটিতে অংশ নেওয়া নিয়ে এখনো চূড়ান্ত অবস্থান জানায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির বগুড়া শহর আমির আবিদুর রহমান সোহেল জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অতীতে এই আসন থেকে একাধিকবার নির্বাচন করেছেন খালেদা জিয়া। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনি এখান থেকে নির্বাচিত হন। ঐতিহাসিক প্রেক্ষাপটে আবারও জিয়া পরিবারের কাউকে প্রার্থী করার আলোচনা জোরালো হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া শহরের সাতমাথা এলাকায় কথা হয় কয়েকজন ভোটারের সঙ্গে। স্থানীয় ব্যবসায়ী আবুল খায়ের বলেন, এখন দল ক্ষমতায় থাকায় এমন প্রতিনিধি প্রয়োজন, যিনি উন্নয়ন প্রকল্প আনতে পারবেন। কলেজশিক্ষার্থী সাদমান শফিকের মতে, তরুণদের কর্মসংস্থান ও প্রশিক্ষণে কাজ করবেন—এমন প্রার্থীই প্রত্যাশিত। রিকশাচালক আবেদ আলী চান, নির্বাচিত ব্যক্তি নিয়মিত এলাকায় উপস্থিত থাকুন। নারী ভোটার কুলসুম বেগমের দাবি, হাসপাতাল, শিক্ষা ও নিরাপত্তা খাতে কার্যকর ভূমিকা রাখা জরুরি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পর এটিই হবে প্রথম উপ-নির্বাচন। ফলে এখানে প্রার্থী নির্বাচন থেকেই বোঝা যাবে দল ভবিষ্যৎ নেতৃত্বে কাদের সামনে আনতে চায়। যিনি মনোনয়ন পাবেন, তাকে কার্যত সরকারের প্রতিনিধিত্বকারী হিসেবেই দেখা হবে।

১৯৯০ সালের পর একাধিকবার এ আসনে উপ-নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। ২০১৮ সালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হলেও শপথ না নেওয়ায় ২০১৯ সালের উপ-নির্বাচনে বিজয়ী হন গোলাম মোহাম্মদ সিরাজ। ২০২৪ সালের নির্বাচনেও বিএনপি অংশ নেয়নি।

জেবি/জেএইচআর/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD