Logo

রুমিন ফারহানাকে শহীদ মিনারে যেতে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪৫
রুমিন ফারহানাকে শহীদ মিনারে যেতে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধা ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। এতে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৪০ থেকে ১৫০ জনকে। অভিযোগটি নথিভুক্ত হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা। অভিযোগ রয়েছে, আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী তাকে উদ্দেশ করে ‘ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তার দেওয়া পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের নিরাপত্তায় স্থান ত্যাগ করেন তিনি।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তার সমর্থকরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD