বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে: মঈন খান

প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন।
ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের ওপরে জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।
আরও পড়ুন: আর কোনো রাষ্ট্রীয় হয়রানি নয়: আসিফ মাহমুদ
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে, আমি একটু আগে বলেছি, ১৯৭১ এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের ওপরে ঝাপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাব।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেছেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী।
আরও পড়ুন: রাষ্ট্রপতি থেকে হুইপ: আলোচনায় যারা
বিজ্ঞাপন
ড. আবদুল মঈন খান উল্লেখ করেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি, ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আমরা এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব।








