রাষ্ট্রপতি থেকে হুইপ: আলোচনায় যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। মন্ত্রিসভা গঠনের পর এবার সংসদের সাংবিধানিক ও সংসদীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলটির ভেতরে জোর আলোচনা চলছে। রাষ্ট্রপতির আহ্বানে আগামী ১২ মার্চ বসছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
বিজ্ঞাপন
দলীয় একাধিক সূত্র জানায়, মন্ত্রিসভা ঘোষণার পর এখন সংসদীয় কাঠামো পুনর্বিন্যাসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাষ্ট্রপতি পদে কারা এগিয়ে:
রাষ্ট্রপতি পদে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান।
বিজ্ঞাপন
দলীয় মহলে আলোচনা রয়েছে, রাজনৈতিকভাবে চমক দেখাতে চাইলে নারী নেতৃত্বকে সর্বোচ্চ সাংবিধানিক পদে আনার উদ্যোগ নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে সেলিমা রহমানের নাম সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে দলীয় রাজনীতির বাইরের কাউকে রাষ্ট্রপতি পদে আনার সম্ভাবনাও নাকচ করা হয়নি। আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ এবং সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মাহবুব উল্লাহ। পাশাপাশি সাবেক সচিব বা অবসরপ্রাপ্ত সেনাপ্রধানের নামও ঘুরছে আলোচনায়।
বিজ্ঞাপন
গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি জোটের পক্ষ থেকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
সংবিধান অনুযায়ী, সরকারি ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান বাধ্যতামূলক। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিজ্ঞাপন
সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, পূর্ববর্তী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে তাঁদের অনুপস্থিতিতে প্রথম অধিবেশন কে পরিচালনা করবেন—তা নিয়েও আলোচনা চলছে। আইন বিশেষজ্ঞদের মতে, যে কোনো জ্যেষ্ঠ সদস্য সভাপতিত্ব করতে পারেন।
স্পিকার-ডেপুটি স্পিকার পদে সম্ভাব্যরা:
স্পিকার পদে আলোচনায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এম ওসমান ফারুক এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিজ্ঞাপন
ডেপুটি স্পিকার পদে সম্ভাব্যদের মধ্যে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং আশরাফ উদ্দিন নিজান।
বিএনপির নির্বাচনি ইশতেহারে উপরাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় সরকারদলীয় সদস্যদের বাইরে থেকেও একজন ডেপুটি স্পিকার মনোনয়নের প্রস্তাব রাখা হয়েছে।
উপনেতা, চিফ হুইপ ও হুইপ:
বিজ্ঞাপন
সংসদ উপনেতা হিসেবে আলোচনায় আছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
চিফ হুইপ পদে সম্ভাব্যদের তালিকায় রয়েছেন ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, জয়নুল আবদীন ফারুক এবং নুরুল ইসলাম মনির।
বিজ্ঞাপন
হুইপ পদে আলোচনায় রয়েছেন নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সিলেট-৬ আসন থেকে নির্বাচিত এমরান আহমেদ চৌধুরী, সম্প্রতি দলে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল এবং সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
দলীয় একাধিক নেতা জানান, ধাপে ধাপে গুরুত্বপূর্ণ নেতাদের সংসদীয় কাঠামোর বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হবে।
দলের প্রচার শাখার সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেন, সৎ, যোগ্য ও পরীক্ষিত ব্যক্তিদের মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ের কর্মীদেরও মূল্যায়নের প্রতিশ্রুতি রয়েছে।








