‘ছাত্রলীগ’ বাদ দিয়ে নতুন পরিচয়ে জাগপার ছাত্র সংগঠন

দীর্ঘ চার দশকের বেশি সময় পর নিজেদের নাম থেকে ‘ছাত্রলীগ’ শব্দটি সরিয়ে দিল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-সমর্থিত ছাত্র সংগঠন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এতদিনের ‘জাগপা ছাত্রলীগ’ এখন থেকে ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৮০ সাল থেকে সংগঠনটির নামের সঙ্গে ‘ছাত্রলীগ’ শব্দটি যুক্ত ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা এবং জনমতের প্রেক্ষাপটে সংগঠনের কেন্দ্রীয় সংসদের জরুরি বৈঠকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রহমান ফারুকী জানান, জাগপার প্রতিষ্ঠাতা নেতা শফিউল আলম প্রধানের হাত ধরেই এ ছাত্র সংগঠনের যাত্রা শুরু। বিভিন্ন গণআন্দোলন, বিশেষ করে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক ২০২৪ সালের আন্দোলনসহ দেশের স্বার্থ ও গণতান্ত্রিক লড়াইয়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা রেখেছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় ‘ছাত্রলীগ’ নামটি নিয়ে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে এবং জনগণের মনোভাবকে সম্মান জানাতে সংগঠনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে সভাপতি আব্দুর রহমান ফারুকী দলের মুখপাত্র রাশেদ প্রধানকে নাম পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নতুন নামে পরিচালনার প্রস্তুতির কথাও তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
ছাত্র রাজনীতির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে যে ছাত্র সংগঠনের সূচনা হয়েছিল, সেটিই পরবর্তীতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ হিসেবে পরিচিতি পায়। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার সময় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তৎকালীন নেতারা তা প্রত্যাখ্যান করেন। সে সময় তারা ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম চালান। পরবর্তীতে ১৯৮০ সালে ‘জাগপা ছাত্রলীগ’ নামটি চালু হয়।
এবার সেই ঐতিহাসিক নামেরও অবসান ঘটিয়ে নতুন পরিচয়ে পথচলা শুরু করছে জাগপার ছাত্র সংগঠন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নাম সংগঠনের আদর্শিক অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে ভিন্ন মাত্রা দেবে।








