কুষ্টিয়ায় ওপরওয়ালা কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজা স্থানীয় সরকারি হাসপাতালগুলোর অনিয়ম প্রসঙ্গে বলেছেন, “কুষ্টিয়ায় ওপরওয়ালা কেউ নেই, ওপরওয়ালা এখন আমি।”
বিজ্ঞাপন
গতকাল দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আমির হামজা বলেন, মেডিকেল কলেজ ও কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে কিছু লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে। তার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ভুল স্বীকার করেছে এবং দুঃখ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, আগে এসব বিষয় তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাফিলতি ছিল। এখন থেকে যেকোনো সমস্যা সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি এবং বেসরকারি ক্লিনিকে দীর্ঘ সময় রোগী দেখার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তিনি দালালচক্র ও ‘স্পিরিট মানি’র প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কেউ যদি অনিয়মে জড়িত থাকে, সরাসরি তার কাছে অভিযোগ জানাতে হবে। “এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখব,” যোগ করেন তিনি।
সংসদ সদস্য বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল তাদের আবেগের জায়গা। এটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে কয়েকটি বিভাগ ইতোমধ্যে সচল হয়েছে এবং সভায় এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি। শিগগিরই ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
শুক্রবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আমির হামজা সমর্থকদের উদ্দেশে আহ্বান জানান, তাকে নিয়ে সমালোচনার জবাবে যেন কেউ কটু মন্তব্য না করেন। তিনি লেখেন, সমালোচনার মুখে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া অথবা নীরব থাকা উচিত। তার বিরুদ্ধে ‘টুইস্টেড’ সংবাদ প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বলেন, তিনি এসব নিয়ে বিচলিত নন এবং সত্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে।








