Logo

ধর্ষণ-হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জামায়াত আমিরের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬
ধর্ষণ-হত্যার ঘটনায় জড়িতদের  বিচারের দাবি জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

ঢাকা ও নরসিংদীতে সাম্প্রতিক ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকায় ৬ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং কিছু ক্ষেত্রে প্রশাসনের গাফিলতির বিষয় সামনে এসেছে। অপরাধীদের বিচার নিশ্চিতের পরিবর্তে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

শিশু তাহিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, কার ইঙ্গিতে ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা হয়েছিল এবং কারা এখন মামলা তুলে নিতে পরিবারকে চাপ দিচ্ছে। দলীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের রক্ষা এবং নির্যাতিতদের দমিয়ে রাখা কোনো গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস নয়। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দেশে সকল নিপীড়িত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD