বগুড়া-৬ আসনের ধানের শীষের নতুন কাণ্ডারি প্রকাশ্যে আনল বিএনপি

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ আসনে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন প্রদান করেন। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
এর আগে নির্বাচন কমিশন সচিবালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এ দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ।
আরও পড়ুন: দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে জানানো হয়, শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বৈধ প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুসারে নির্বাচন স্থগিত করা হয়। একই আইনের বিধান অনুযায়ী নতুন করে ওই আসনে ভোটের আয়োজন করা হচ্ছে। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করায় সেখানে উপনির্বাচনের তফসিল জারি করা হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২ মার্চ পর্যন্ত রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত, আর ১১ মার্চ আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। প্রচারপর্ব শেষে ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে শেরপুর-৩ আসনের ক্ষেত্রে আগের ঘোষিত তফসিল অনুযায়ী যেসব প্রার্থী বৈধ তালিকায় ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না এবং জামানতও পুনরায় প্রদান করতে হবে না বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়ী হন তারেক রহমান। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র জমা দেন। এর ফলে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনিজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল।
বিজ্ঞাপন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও তিনটি আসনসহ দলটির জোটগত আসন সংখ্যা দাঁড়ায় ২১২। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পায় ৭৭টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়।








