ঢাকায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রা নগরীর অন্যতম প্রাণকেন্দ্র হয়ে ওঠে।
বিজ্ঞাপন
শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে নারী, শিশু ও বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রায় বাঙালি ঐতিহ্যের নানা উপকরণ তুলে ধরা হয়। মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার মতো গ্রামীণ জীবনের পরিচিত উপাদানগুলো স্থান পায় শোভাযাত্রায়। শিশুদের ঐতিহ্যবাহী পোশাক এবং রঙিন সাজসজ্জা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালির সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
বিজ্ঞাপন
শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা পশ্চিমা ও ভিন্নধর্মী সংস্কৃতির প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বাঙালির মৌলিক সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করার আহ্বান জানান বক্তারা।
একই সঙ্গে এমন সাংস্কৃতিক চর্চা থেকে বিরত থাকার কথাও বলা হয়, যা ধর্মীয় বিশ্বাস ও ইসলামী শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক।
বিজ্ঞাপন
শোভাযাত্রায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা নববর্ষ উদযাপনে ভিন্নমাত্রা যোগ করে।








