Logo

বর্তমান সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৭:৪৩
বর্তমান সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য বিএনপিকে দায়ী করে কঠোর বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান দুর্যোগে জাতিকে ঠেলে দেওয়ার দায় বিএনপিকে নিতে হবে এবং এর পরিণতিও তাদের ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

বক্তব্যে নাহিদ ইসলাম দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংকট প্রকট আকার ধারণ করেছে। হাম রোগে শিশু মৃত্যুর ঘটনা, চিকিৎসা ব্যবস্থায় আইসিইউ সংকট, জ্বালানি ঘাটতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে রাষ্ট্র সংস্কারের যে দাবি তোলা হয়েছিল এবং আন্দোলনের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সময় তা নিয়ে আলোচনা এগোলেও এখন আবার সেই একই বিষয় নিয়ে নতুন করে কথা বলতে হচ্ছে। এমনকি এসব ইস্যুতে পুনরায় আন্দোলনের প্রস্তুতিও নিতে হচ্ছে।

গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, সেই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল একটি স্বৈরাচারমুক্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাতে ভবিষ্যতে আর কোনো একনায়কতন্ত্র ফিরে আসতে না পারে। কিন্তু গণভোটের পরবর্তী সময়ে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, গণভোটে পাওয়া জনমতকে উপেক্ষা করা হয়েছে এবং কৃত্রিমভাবে রাজনৈতিক সংকট সৃষ্টি করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিএনপির অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, একদিকে তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, অন্যদিকে সেই আদেশকেই অবৈধ বলছে, যার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এই অবস্থানকে তিনি দ্বিচারিতা হিসেবে উল্লেখ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD