Logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৬:৫৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক বক্তব্য ও পরিস্থিতিকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদের চিফ হুইপের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরেই এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন জোরদারের আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আন্দোলন ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে গণভোট ইস্যুতে সরকারের অবস্থানের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কখনো গণভোটকে বৈধ, আবার কখনো অবৈধ বলা হচ্ছে। একই সঙ্গে সংসদে বিরোধী কণ্ঠ দমনের চেষ্টা করা হলেও তারা জনগণের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন থাকার কথা জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাম্প্রতিক আন্দোলন কেবল ছাত্র বা রাজনীতিকদের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ রয়েছে এতে। তার দাবি, আন্দোলনে নিহতদের বড় একটি অংশ শ্রমজীবী মানুষ, যা এই আন্দোলনের ব্যাপকতা ও গভীরতা নির্দেশ করে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সংসদীয় আচরণে স্বৈরাচারী প্রবণতার ছাপ দেখা যাচ্ছে। তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মের এই বাংলাদেশ কোনো ধরনের চাপ বা ভীতি প্রদর্শনকে মেনে নেবে না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD