Logo

কারাগার থেকেই নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৪:৪১
কারাগার থেকেই নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে কারাগারে থেকেও অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচনে প্রার্থী হতে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরের অনুমতি চেয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি আবেদন জমা দেন তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ।

আবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্রে প্রার্থীর স্বাক্ষর অপরিহার্য, আর সে কারণে কারাগারে অবস্থানরত সুমনের স্বাক্ষর গ্রহণে প্রশাসনিক অনুমোদন প্রয়োজন।

বিজ্ঞাপন

আইনজীবী লিটন আহমেদ জানান, বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সুমনের আগ্রহ রয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই মনোনয়নপত্র দাখিল করতে চান তিনি। আগামী ১৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হওয়ায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আবেদন সূত্রে আরও জানা গেছে, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অংশ নিতে হলে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক। তবে সুমন বর্তমানে কারাবন্দি থাকায় জেল কোড অনুযায়ী তার স্বাক্ষর গ্রহণে জেলা প্রশাসকের অনুমতি জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ওই বছরের ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব পরিস্থিতির মধ্যেও তিনি পেশাজীবী সংগঠন বার কাউন্সিলের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD