Logo

স্পিকারের মন্তব্য নিয়ে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৪:০০
স্পিকারের মন্তব্য নিয়ে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ | ফাইল ছবি

জাতীয় সংসদে স্পিকারের একটি মন্তব্য ঘিরে সৃষ্ট আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন।

বিজ্ঞাপন

লাইভে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। সালাউদ্দিন সাহেব ৪৫ মিনিট কথা বলেন, আর আমাকে দেওয়া হয় দুই মিনিট। একই বিষয়ে আমি যখন কথা বলতে চাই, তখন আমাকে সীমিত সময় দেওয়া হয়। মানবাধিকার কমিশন নিয়ে আমাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে, অথচ এই বিষয়ে সালাউদ্দিন সাহেব ৪০ মিনিট কথা বলেছেন। সুপ্রিম কোর্টের সচিবালয় নিয়েও একইভাবে তাদেরকে দীর্ঘ সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, একই টপিকে একজন ৪০–৪৫ মিনিট কথা বলবেন, আর আমি কথা বলব দুই মিনিট এটা অযৌক্তিক। এই দুই মিনিটের মধ্যে যদি তারা কোনো ভুল বা অযৌক্তিক কথা বলেন, সেটার জবাব দেওয়ার সুযোগও আমাদের দেওয়া হয় না। সময় চাইলে আবার বলা হয়, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট’। এটা খুবই অন্যায্য। আমরা এই বৈষম্যের বিরোধিতা করেছিলাম বলেই আজ এসব কথা বলা হচ্ছে।

বিজ্ঞাপন

হাসনাতের ভাষ্য অনুযায়ী, স্বল্প সময়ের কারণে অন্য পক্ষের বক্তব্যের জবাব দেওয়ার সুযোগও অনেক সময় থাকে না। অতিরিক্ত সময় চাওয়া হলে স্পিকারের কাছ থেকে ‘এটা শাহবাগ নয়, সংসদ’—এমন মন্তব্য শুনতে হয়, যা তিনি অন্যায্য বলে মনে করেন।

তিনি বলেন, এই বৈষম্যের প্রতিবাদ করায় এখন তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ নিয়ে সংসদে আলোচনা চলাকালে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করে। এ সময় হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানালে সংসদ কক্ষে উত্তেজনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিরোধী সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বর্তমান সংসদকে অতীতের তুলনায় বেশি সহযোগিতামূলক ও কার্যকর বলেও উল্লেখ করেন।

এ সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশে স্পিকার বলেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD