Logo

সংবিধান শুধু আপনারা একাই পড়েন না, আমরাও বুঝি: গোলাম পরওয়ার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৭:৩৯
সংবিধান শুধু আপনারা একাই পড়েন না, আমরাও বুঝি: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

গণভোটের রায়কে অস্বীকার করলে দেশে নতুন করে রাজনৈতিক ও সামাজিক সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। পাঁচ কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন সংকট তৈরি করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন, তা না হলে যারা অতীতে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল, তাদের মতো পরিণতি ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপসহ সকল সংসদ সদস্যের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটি অনেকটা বাকশালি কায়দায় দমনের চেষ্টা। আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন সংবিধান শুধু আপনারা একাই পড়েন না, আমরাও বুঝি।

বিজ্ঞাপন

সংসদের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করে আইনমন্ত্রী ও চিফ হুইপের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি গণভোটের পক্ষে ভোট দিয়ে থাকেন, তবে এখন কেন তাকে অবৈধ বলছেন? নিজের দেওয়া ভোট অস্বীকার করা মানে নিজের আত্মপরিচয়কে অস্বীকার করা। সত্য স্বীকার করুন এবং সংস্কার পরিষদের বৈধতাকে মেনে নিয়ে তা বাস্তবায়ন করুন।

দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই জামায়াত নেতা। তিনি বলেন, ক্ষমতায় আসার মাত্র দেড় মাসেই আপনারা ব্যাংক থেকে ৪২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। রেমিট্যান্স কমছে, দ্রব্যমূল্য বাড়ছে এবং দেশে জ্বালানি সংকট প্রকট হচ্ছে। এই সংকট সমাধানের পরিবর্তে আপনারা ফ্যাসিবাদী শাসনের দিকে ঝুঁকছেন।

বিজ্ঞাপন

সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে নানা দিক তুলে ধরেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD