বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: সংস্কৃতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না—এমন মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রতিশোধ বা বিদ্বেষ নয়, বরং সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধই হওয়া উচিত রাজনীতির মূল ভিত্তি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনা পার্কের জারুল চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে প্রতিশোধ না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
বিজ্ঞাপন
তাঁর সেই অবস্থানকে স্মরণ করে নিতাই রায় চৌধুরী বলেন, দল হিসেবে বিএনপি কখনো প্রতিহিংসার পথে হাঁটতে চায় না।
তিনি আরও বলেন, দেশের নেতৃত্বও একই মূল্যবোধে বিশ্বাস করে—যেখানে প্রতিহিংসার পরিবর্তে সহনশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রকে গুরুত্ব দেওয়া হয়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু সহাবস্থান ও পারস্পরিক সম্মান অটুট থাকবে। সবার আগে বাংলাদেশ—এই লক্ষ্যেই আমরা এগিয়ে যেতে চাই।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বাংলা নববর্ষের উৎসবমুখর পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন বছরের এই দিনে রাজধানীজুড়ে আনন্দের যে আবহ তৈরি হয়েছে, তা দেশের মানুষের ঐক্য ও সংস্কৃতির প্রতিফলন।








