ক্ষমা ও দোয়ায় আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আত্মনিরীক্ষা ও ক্ষমার মাধ্যমে নতুন একটি আত্মিক যাত্রা শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক পোস্টে তিনি জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে কোনো কথায় বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক আলাপ হয়েছে। সেখান থেকে আমি গঠনমূলক পরামর্শ ও দিকনির্দেশনা পেয়েছি—ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।
তিনি আরও উল্লেখ করেন, আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে চাই। আপনারা যে ভালোবাসা, দোয়া ও পরামর্শ দিয়েছেন, তা আমার পথচলার শক্তি।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তার আত্মিক যাত্রা শুরু হয়েছে ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে। তিনি সবাইকে দোয়া করেছেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।








