Logo

প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২৬, ১৩:১২
প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় সুপ্রিম কোর্টসংলগ্ন এই ঈদগাহে আয়োজিত জামাতে তার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

ঈদের দিন প্রধানমন্ত্রী ঢাকাতেই অবস্থান করবেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। নামাজ শেষে তিনি কূটনীতিক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। নামাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানিয়েছেন, ঈদের নামাজ আদায়ের পরই প্রধানমন্ত্রী এই আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।

অন্যদিকে, বিএনপির শীর্ষ নেতাদের বড় একটি অংশ নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদ্‌যাপনের পরিকল্পনা করেছেন। তবে দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা ঢাকায় অবস্থান করে ঈদ পালন করবেন এবং পরে নিজ এলাকায় যাবেন। এছাড়া ঈদের সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন সিনিয়র নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ঢাকায় ঈদ করবেন। তাদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ঈদের পর তারা নিজ নিজ এলাকায় যাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদ উদ্‌যাপন করবেন।

তবে অসুস্থতার কারণে দলের দুই জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বর্তমানে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ পালন করবেন। এছাড়া ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায় থাকবেন, বরকতউল্লা বুলু নোয়াখালীতে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে ঈদ করবেন।

যুগ্ম মহাসচিবদের মধ্যে খায়রুল কবির খোকন নরসিংদীতে, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে এবং আবদুস সালাম আজাদ মুন্সিগঞ্জে ঈদ উদ্‌যাপন করবেন। সব মিলিয়ে দলটির অধিকাংশ নেতাই নিজ নিজ এলাকায় ঈদ কাটানোর প্রস্তুতি নিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD