Logo

ঘরমুখো মানুষের ওপর ‘জুলুম’ চলছে: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৬, ১৩:৫১
ঘরমুখো মানুষের ওপর ‘জুলুম’ চলছে: জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

ঈদকে সামনে রেখে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষের ওপর চরম ভোগান্তি চাপিয়ে দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ব্যবস্থাপনার উদাহরণ।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সেখানে তিনি বলেন, ঈদ উপলক্ষে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সারা বছর অপেক্ষা করেন মানুষ। কিন্তু সেই প্রত্যাশা নিয়ে বাড়ি ফেরার পথে এবার তারা পড়েছেন চরম ভোগান্তির মধ্যে।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, যাত্রীদের বিভ্রান্ত করে বলা হচ্ছে যে ঈদযাত্রায় বাস ভাড়া কম নেওয়া হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার ভাষায়, এ ধরনের বক্তব্য জনগণের সঙ্গে ‘চরম প্রতারণা’।

ডা. শফিকুর রহমান আরও প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের এই কষ্ট ও হতাশার দায় কে নেবে? তিনি মনে করেন, সাম্প্রতিক পরিস্থিতি দেশের শাসনব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে এবং এর দায় সরকারকেই নিতে হবে। বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর আগের বক্তব্যগুলোকে তিনি এই অব্যবস্থাপনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তার পোস্টে রাজনৈতিক সতর্কবার্তাও উঠে আসে। তিনি বলেন, যদি কেউ দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েমের চেষ্টা করে, তবে সচেতন জনগণ ও তরুণ সমাজ তা মেনে নেবে না। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টদের দ্রুত সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায়, এই সংকটের জন্য দায়ীদেরই এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD