দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে তিনি দেশবাসীকে এ শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
জামায়াত আমির বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ ও শান্তি নিয়ে আসে। জাতি এমন এক সময়ে ঈদ উদযাপন করছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও দমনমূলক সরকারের পতনের পর দেশবাসী আশা করছে, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হওয়ার সাহস দেখাবে না। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে এবং জীবনযাত্রায় কোনো ভীতিমূলক বাধা থাকবে না।
তিনি আরও বলেন, দেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত পরিবেশ গড়ে উঠবে। ধর্ম, বর্ণ বা সামাজিক অবস্থানের ভেদাভেদ ভুলে মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে।
বিজ্ঞাপন
জামায়াত আমিরের ভাষ্যে, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং গণভোটে প্রায় ৭০ শতাংশ নাগরিক ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। তবে সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে। আমরা আহ্বান জানাই, সরকারি ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে দ্রুত সনদ বাস্তবায়ন নিশ্চিত করুক, যাতে গণমানুষের প্রত্যাশা পূরণ হয়।
তিনি শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান, যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেয়েছে, মহান আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান আরও বলেন, ঈদুল ফিতরের শিক্ষা মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য ও ঐক্য সৃষ্টি করে। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ধনী-গরিব নির্বিশেষে ঈদুল ফিতর ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
তিনি প্রত্যেককে আহ্বান জানান, ঈদে সব ভেদাভেদ ভুলে একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নিতে হবে। সমাজের অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং শান্তিপূর্ণ, হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।








