Logo

মুসলিমদের প্রতি সম্প্রীতি ও মানবিকতার আহ্বান নাহিদ ইসলামের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৬, ২১:১৯
মুসলিমদের প্রতি সম্প্রীতি ও মানবিকতার আহ্বান নাহিদ ইসলামের
নাহিদ ইসলাম | ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক এবং বিরোধীদলীয় হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

বার্তায় নাহিদ ইসলাম উল্লেখ করেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ ও প্রশান্তির বার্তা নিয়ে আসে। এই উৎসব সমাজের সব স্তরের মানুষকে এক কাতারে এনে ভেদাভেদ ভুলিয়ে দেয় এবং পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের এই শিক্ষা মানুষের অন্তরে শান্তি ও নির্মলতার অনুভূতি জাগিয়ে তোলে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের মুসলমানদের জন্য এটি ফ্যাসিবাদ-পরবর্তী দ্বিতীয় ঈদুল ফিতর। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক নিপীড়নের কারণে অনেকেই ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও স্বস্তির পরিবেশে আজ ঈদ উদযাপনের সুযোগ তৈরি হয়েছে—এ বিষয়টি সবাইকে স্মরণে রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাদের ত্যাগের ফলে একটি মুক্ত পরিবেশ পাওয়া গেছে, তাদের পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করা সবার নৈতিক কর্তব্য। একইসঙ্গে আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে থাকার কথাও তিনি গুরুত্ব দিয়ে তুলে ধরেন।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দেশের বাইরে অবস্থান করে পরিবার-পরিজন থেকে দূরে থেকেও যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের ত্যাগের প্রতি গভীর সম্মান জানান নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে—এ জন্য সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন মুসলিমের দায়িত্ব। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের প্রতিও সহমর্মিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

শেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এই পবিত্র মুহূর্তে তিনি কামনা করেন—বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহ যেন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD