প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি কার্যালয়ে নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে দলের নয়াপল্টনের কার্যালয়। পাশাপাশি ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে ব্যারিকেড বসানো হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। তারা নেতার আগমনের অপেক্ষায় অবস্থান করছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উচ্ছ্বসিতভাবে অপেক্ষা করছেন।
বিজ্ঞাপন
দলের নেতাকর্মীদের উপস্থিতিতে নয়াপল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান করছেন, যা পুরো এলাকাকে সরগরম করে তুলেছে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর সর্বশেষ দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন তারেক রহমান। এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তার এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।








