জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক পক্ষের নয়: আন্দালিব পার্থ

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে বিরোধী দলের একক দাবির সমালোচনা করে জাতীয় সংসদে কড়া বক্তব্য দিয়েছেন সরকারি জোটের শীর্ষ নেতা ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক পক্ষের নয় এবং এটি নিয়ে ‘টেন্ডার’ নেওয়ার মতো মনোভাব পরিহার করা উচিত।
বিজ্ঞাপন
রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বক্তব্যের শুরুতেই আন্দালিব পার্থ জুলাইয়ের শহীদ ও আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, তাদের ত্যাগের ভিত্তিতেই বর্তমান সংসদের অবস্থান তৈরি হয়েছে। এ কারণে তাদের দাবি-দাওয়ার প্রতি সরকারের আরও সহনশীল ও ধৈর্যশীল হওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, তখন দেশে একটি আধা-সাংবিধানিক অবস্থা তৈরি হয়েছিল। সংবিধানে এমন পরিস্থিতি মোকাবিলার সুস্পষ্ট নির্দেশনা না থাকায় অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে বাস্তবতার আলোকে। তবে বর্তমানে সেই পরিস্থিতি আর নেই বলেও উল্লেখ করেন তিনি।
সংবিধান সংশোধন বনাম সংস্কার প্রসঙ্গে পার্থ বলেন, এই দুই বিষয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তার মতে, প্রয়োজনীয় পরিবর্তন অবশ্যই সংবিধানের ভেতর থেকেই এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই হওয়া উচিত। এর বাইরে গিয়ে কোনো ধরনের ‘সংস্কার পরিষদ’ গঠনের প্রচেষ্টাকে তিনি প্রশ্নবিদ্ধ করেন এবং বলেন, এতে শব্দের অপপ্রয়োগের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।
আইন সম্পর্কে অজ্ঞতা থেকে বিভ্রান্তি ছড়ানোর সমালোচনা করে তিনি একটি রূপক উদাহরণ তুলে ধরেন। সেখানে তিনি বোঝাতে চান, আইনের প্রকৃত ব্যাখ্যা না জেনে তা প্রয়োগের চেষ্টা করলে ভুল ব্যাখ্যার জন্ম হয় এবং অযৌক্তিক পরিস্থিতি তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, জুলাই আন্দোলনের মালিকানা তারা একাই দাবি করতে পারে না। গণভোটের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, তার দল জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তারা আইন সংশোধনের পথে এগোতে চায়।
পার্থ আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ কোনো সংবিধান টিকে থাকতে পারে না। তাই জুলাই সনদের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করার ওপর জোর দেন তিনি।








