Logo

ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারের মানসিকতাও পাল্টে গেছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৫:৪১
ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারের মানসিকতাও পাল্টে গেছে
ছবি: সংগৃহীত

সরকারের অবস্থান ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে—এমন অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সময় ও ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারের মানসিকতাও পাল্টে গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কাওরানবাজারে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত ‘আবারও হুমকির মুখে মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহর মতে, ২০২৪ সালের আন্দোলনে যারা রাজপথে নেমেছিলেন, তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক পরিবর্তনের দাবিতে অংশ নিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের চিন্তাভাবনা ও অবস্থান বদলে গেছে। তার ভাষায়, সরকারকে কাঠামোগত সংস্কারের বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় পুনরায় বড় ধরনের আন্দোলনের সম্ভাবনা তৈরি হতে পারে। “মেজরিটি দিয়ে সবকিছু থামিয়ে রাখা যাবে না”—এমন সতর্কবার্তাও দেন তিনি।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংসদের ভেতরে সরকারি দলের অনেক সদস্যই এ বিষয়ে আপত্তি তুলছেন, যা তার কাছে হতাশাজনক। বিশেষ করে যারা একসময় বিভিন্ন পরিস্থিতির শিকার ছিলেন, তারাই এখন পরিবর্তনের বিরোধিতা করছেন—এটিকে তিনি অসম্মানজনক বলে আখ্যা দেন।

বিজ্ঞাপন

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তার দাবি, সাম্প্রতিক নির্বাচনের পর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বরং সুবিধাভোগী হয়েছে একটি নির্দিষ্ট শ্রেণি। তবে তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র যেন জনগণের আস্থা অর্জনে কার্যকর পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে সাধারণ মানুষ যেন আর হতাশ না হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD