Logo

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ‘ধন্যবাদ’ জানালেন রুমিন ফারহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৭:৪২
মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ‘ধন্যবাদ’ জানালেন রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। এ প্রসঙ্গে তিনি প্রকাশ্যে বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

রুমিন ফারহানা বলেন, আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। এতে আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অসংখ্য মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা অনুভব করার সুযোগ পেয়েছি। দলীয় প্রার্থিতা পেলে হয়তো এই অভিজ্ঞতা হতো না।

তিনি তার বক্তব্যে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে পাশে থাকা নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেক নেতাকর্মী নানা প্রতিকূলতা, বঞ্চনা ও ভয়ের মধ্যেও তার পক্ষে কাজ করেছেন। এমনকি দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও তারা তার পাশে ছিলেন। তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রুমিন ফারহানা আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে দলীয় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ রয়েছে। রাজনীতি করা দোষের কিছু নয়, তবে দলীয় পরিচয় না থাকলে যদি সুযোগ থেকে বঞ্চিত হতে হয়, তা দুঃখজনক।

বিজ্ঞাপন

তার বক্তব্য চলাকালে নির্ধারিত সময় শেষ হলে অধিবেশনের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল মাইক্রোফোন বন্ধ করে দেন।

উল্লেখ্য, দলীয় মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD