সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেশের দুই প্রখ্যাত সংগীতশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সময়ে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন নেন। তিনি আগামীকাল রবিবার (১২ এপ্রিল) তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় কনকচাঁপা জানান, দীর্ঘদিন ধরে তিনি দলের সঙ্গে যুক্ত থেকে কাজ করে আসছেন। সেই অভিজ্ঞতা ও অবদানের ভিত্তিতে দল তাকে মূল্যায়ন করবে—এমন প্রত্যাশা তার রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে বেবী নাজনীন বলেন, তিনি দীর্ঘ প্রায় চার দশক ধরে রাজনৈতিকভাবে দলের প্রতি অনুগত থেকে কাজ করছেন। তার মতে, নতুন প্রজন্মকে যোগ্যভাবে গড়ে তুলতে এবং তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই তিনি সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে একই দিন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনও বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
রাজনৈতিক অঙ্গনে শিল্পীদের এই অংশগ্রহণকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে। দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের অন্তর্ভুক্তি ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনের প্রতিযোগিতাকে আরও আলোচিত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








