এবার আমরা যারা নেতৃত্বে আছি, তারাই রাজপথে প্রথম সারিতে থাকব

আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। দেশের স্বার্থ রক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটি কোনো একক দল বা জোটের বিষয় নয়—এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়।
বিজ্ঞাপন
রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নাহিদ ইসলাম উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের ত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়, সে লক্ষ্যেই নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাই এখন একই জায়গায় অবস্থান করছেন।
বিজ্ঞাপন
তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আন্দোলন সংশ্লিষ্টদের পাশে প্রত্যাশিতভাবে দাঁড়ানো সম্ভব হয়নি। তবে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।
একই সঙ্গে বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা আন্দোলনকারীদের পক্ষে বড় বড় কথা বললেও বাস্তবে কতটা কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, তা দেখার বিষয়।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হলেও তাদের কার্যক্রমে কিছু ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
আলোচনায় উপস্থিত পরিবার ও যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের অনেকেই আন্দোলনে সন্তান, হাত কিংবা পা হারিয়েছেন। এবার আপনারা সামনে থাকবেন না; বরং আমরা যারা নেতৃত্বে আছি, তারাই রাজপথে প্রথম সারিতে থাকব।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো ধরনের দমন-পীড়ন এলে নেতাকর্মীরাই তা মোকাবিলা করবে। আন্দোলন সফল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন ও সংস্কার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, অভ্যন্তরীণ বা বাহ্যিক যেকোনো বাধা মোকাবিলা করে লক্ষ্য অর্জন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।








