এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে নতুন করে যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। দলীয় সূত্রে জানা গেছে, তিনি শিগগিরই ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর ফলে বর্তমান দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ পদ ছেড়ে দিচ্ছেন।
বিজ্ঞাপন
এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ইসহাক সরকারের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হবে।
এ সময় তার সঙ্গে কয়েক হাজার নেতাকর্মীও দলে যুক্ত হতে পারেন বলে জানা গেছে, যা দলটির সাংগঠনিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
রাজনৈতিক অঙ্গনে ইসহাক সরকারের সক্রিয় উপস্থিতি আগে থেকেই লক্ষণীয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি তৃতীয় সর্বোচ্চ ভোট পান। অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে তিন শতাধিক মামলা হয়েছিল বলেও জানা যায়।
বর্তমান আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ দায়িত্ব ছাড়ার বিষয়ে বলেন, দলের স্বার্থকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা এনসিপির সাংগঠনিক বিস্তার দেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ। এ কারণে দলকে শক্তিশালী করতে প্রয়োজন হলে ব্যক্তিগত অবস্থান ছাড়তেও তারা প্রস্তুত।
উল্লেখ্য, আলাউদ্দীন মোহাম্মদ এনসিপির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদক হিসেবেও কাজ করছেন।
বিজ্ঞাপন
এদিকে এনসিপিতে যোগদানের বিষয়ে ইসহাক সরকার জানান, বিএনপির পক্ষ থেকে তিনি জনগণের জন্য কাজ করার যথেষ্ট সুযোগ পাননি। তিনি অভিযোগ করেন, কার্যালয় দখলসহ নানা ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাকে।
নতুন দলে যোগ দিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন এবং ভবিষ্যতে কোনো বিদ্বেষ না রেখে রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।








