Logo

ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে ১৪ ঘণ্টা: রুমিন ফারহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ২০:১৪
ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে ১৪ ঘণ্টা: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় যেখানে দৈনিক এক থেকে দুই ঘণ্টার লোডশেডিং দেখা যায়, সেখানে গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা গড়ে ১৪ ঘণ্টা পর্যন্ত পৌঁছাচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, গ্রামে বিদ্যুতের অনিশ্চয়তার কারণে গ্যাস ছাড়া রান্নার কোনো বিকল্প পথ অনেক ক্ষেত্রেই কার্যত অচল হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

গ্যাস সংকট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তার নির্বাচনী এলাকা আশুগঞ্জ দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিভিন্ন মিল ও শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এখানকার মানুষই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে উৎপাদিত গ্যাস সারা দেশে সরবরাহ করা হলেও স্থানীয় বাসিন্দারা সেই সুবিধা পাচ্ছেন না।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তিতাস গ্যাস ফিল্ড দেশের অন্যতম প্রধান গ্যাস উৎস, যেখান থেকে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। অথচ তার নির্বাচনী এলাকায় প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকে না। এ সময় চুলায় গ্যাসের চাপ এতটাই কম থাকে যে ঠিকমতো রান্না করা সম্ভব হয় না। কখনো কখনো অল্প সময়ের জন্য গ্যাস এলেও তা স্থায়ী হয় না।

সংসদ সদস্য আরও বলেন, দেশে গ্যাসের সামগ্রিক সংকট বিদ্যমান, যা শীত মৌসুমে আরও তীব্র আকার ধারণ করে। এর পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ২০১৬ সাল থেকে আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় এখনো অনেকে অবৈধ সংযোগ ব্যবহার করছেন। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে জ্বালানি সংকটে ভোগা সাধারণ মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD