Logo

বিরোধী দল সরকারের সমালোচনা করতেই পারে, তবে গঠনমূলক হওয়া উচিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মে, ২০২৬, ১৭:২৬
বিরোধী দল সরকারের সমালোচনা করতেই পারে, তবে গঠনমূলক হওয়া উচিত
ছবি: সংগৃহীত

বিরোধী দল সরকারের সমালোচনা করতেই পারে, তবে সেই সমালোচনা গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শনিবার অনুষ্ঠিতব্য এ সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

রিজভী জানান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেবেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলার নেতারা সাংগঠনিক কার্যক্রম ও সরকারের নানা উদ্যোগ নিয়ে মতামত তুলে ধরবেন। একইসঙ্গে সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে নেওয়া কার্যকর পদক্ষেপ এবং চলমান পরিকল্পনাগুলোও সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থাপন করবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো কর্মসূচি উল্লেখযোগ্য।

সরকারের সমালোচনা ও রাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, গণতন্ত্রে সরকার কাজ করবে এবং বিরোধী দল সেই কাজের সমালোচনা করবে— এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তবে সমালোচনা যেন তথ্যভিত্তিক ও ইতিবাচক হয়। সরকারের ভুল ধরিয়ে দিলে গণতন্ত্র আরও শক্তিশালী হয় এবং রাষ্ট্র পরিচালনায় কার্যকারিতা বাড়ে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়ানো হলে তা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

রিজভীর ভাষ্য, বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালন করলে গণতন্ত্র আরও সুসংহত হবে। শেষ পর্যন্ত জনগণই সরকারের কার্যক্রম মূল্যায়ন করবে এবং নির্বাচনের মাধ্যমে রায় দেবে।

এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD