ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদে থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় নিজ দায়িত্বে বহাল হলেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে আরোপিত অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এতে শেখ তানভীর বারী হামিমের ওপর থাকা সব ধরনের সাংগঠনিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং তিনি এখন থেকে পূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে চলতি বছরের ৪ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই সময় কেন্দ্রীয় ছাত্রদল জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়।
তারও আগে ২৭ ফেব্রুয়ারি দলীয় নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রদল।








