Logo

সন্ধ্যায় ধানমন্ডিতে তোফায়েলের জানাজা, দাফন মায়ের কবরের পাশে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুন, ২০২৬, ১৮:২২
সন্ধ্যায় ধানমন্ডিতে তোফায়েলের জানাজা, দাফন মায়ের কবরের পাশে
ছবি: সংগৃহীত

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম জানাজার নামাজ আজ সোমবার (১ জুন) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ রাজধানীর একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হবে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) হেলিকপ্টার অথবা বিশেষ ফ্রিজিং ভ্যানে করে মরদেহ ভোলায় নেওয়া হবে। পরে জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন এই প্রবীণ রাজনৈতিক নেতা।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। তার বাবা ছিলেন মৌলভী আজহার আলী এবং মা ফাতেমা বেগম।

ছাত্রজীবনে ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জাতীয় রাজনীতিতে বিশেষ পরিচিতি লাভ করেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন সময়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD