বিএনপি বেকারত্ব নয়, কর্মসংস্থান তৈরির সরকার: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি বেকারত্ব নয়, কর্মসংস্থান সৃষ্টির রাজনীতিতে বিশ্বাস করে। তার দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছিল। সোমবার (১ জুন) দুপুরে রাজধানীতে আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রিজভীর ভাষ্য, তৈরি পোশাক শিল্পের বিকাশের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, কর্মসংস্থান বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি সবসময় কাজ করেছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নিম্নআয়ের ও অসহায় পরিবারগুলোর সহায়তায় ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক দল উসকানি দিয়ে ‘মব কালচার’ তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
মতপ্রকাশের স্বাধীনতার নামে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়ে রিজভী বলেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত প্রচারণার মাধ্যমে গণতন্ত্রবিরোধী পরিবেশ তৈরির চেষ্টা করছে।
বিজ্ঞাপন
তিনি সতর্ক করে বলেন, অতীতে যেভাবে স্বৈরাচারী প্রবণতা দেশের জন্য ক্ষতিকর হয়েছে, ভবিষ্যতেও তেমন পরিস্থিতি তৈরি হলে তার পরিণতি শুভ হবে না। সংশ্লিষ্টদের সময় থাকতে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।








