এনসিপি থেকে পদত্যাগ করলেন আরও এক নেতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক মাইনুল ইসলাম। ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে তিনি দলের কেন্দ্রীয় আহ্বায়কের কাছে অব্যাহতির আবেদন জমা দিয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (৩১ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন মাইনুল ইসলাম।
তিনি জানান, গত ২৩ মে দলের এক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বরিশাল বিভাগীয় আহ্বায়ককে তার পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন। একই সময়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও অব্যাহতির আবেদন পাঠানো হয়।
বিজ্ঞাপন
মাইনুল ইসলামের দাবি, আবেদন জমা দেওয়ার এক সপ্তাহ পার হলেও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এ কারণেই তিনি বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেছেন।
তবে এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ের কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে সম্পর্কেও দলটির পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি ঝালকাঠি জেলা এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মাইনুল ইসলামকে আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদারকে সদস্যসচিব করা হয়েছিল।







