জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জ্বালানি তেলের মূল্য আবারও বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১ জুন) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গত মাসে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর পর পুনরায় মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আগের দফার মূল্যবৃদ্ধির প্রভাবেই চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং অনেক পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে মানুষের আয় না বাড়লেও বেকারত্ব ও অর্থনৈতিক সংকট বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
জামায়াতের দাবি, জনগণ যখন জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে, তখন নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার পূর্বে অন্তত চলতি মাসে জ্বালানি তেলের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিল। সেই প্রেক্ষাপটে নতুন মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতির পরিপন্থী বলে দাবি করেছে দলটি।
গোলাম পরওয়ার বলেন, বাজেট অধিবেশন শুরুর আগে এ ধরনের সিদ্ধান্ত জনস্বার্থের বিরুদ্ধে যাবে। তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞাপন
বিবৃতিতে তিনি জনগণকে নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জ্বালানি তেলের নতুন মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।







