Logo

এনসিপির দুই নেতাকে শোকজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জুন, ২০২৬, ১৭:৪৯
এনসিপির দুই নেতাকে শোকজ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম অঞ্চলের দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তদন্তাধীন একটি বিষয়ে প্রকাশ্যে অবস্থান গ্রহণ এবং দলীয় প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় মন্তব্য করার অভিযোগে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামার স্বাক্ষরে পৃথক দুটি নোটিশ জারি করা হয়। নোটিশপ্রাপ্ত দুই নেতা হলেন মীর মোহাম্মদ শোয়াইব ও আরিফ মুঈনুদ্দিন।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে উত্থাপন করা হয়। অভিযোগটি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

মীর মোহাম্মদ শোয়াইবকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগটি এখনও তদন্তাধীন থাকা সত্ত্বেও তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাড ব্যবহার করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সাংগঠনিক সিদ্ধান্তের আগেই তদন্তাধীন বিষয়ে নির্দিষ্ট পক্ষের সমর্থনে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

নোটিশে বলা হয়, কোনো অভিযোগের তদন্ত চলমান থাকা অবস্থায় প্রকাশ্যে এ ধরনের অবস্থান গ্রহণ দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থি। এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অন্যদিকে আরিফ মুঈনুদ্দিনের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। নোটিশ অনুযায়ী, তিনি শুধু দলীয় প্যাডে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নয়, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেও তদন্তাধীন বিষয়ে মতামত দিয়েছেন এবং প্রকাশ্যে পক্ষাবলম্বন করেছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া অভিযোগকারী ব্যক্তিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অবমাননাকর ভাষায় আক্রমণ করার অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে। দলের শৃঙ্খলা কমিটির মতে, এ ধরনের আচরণ সাংগঠনিক নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং দলের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।

নোটিশে উল্লেখ করা হয়েছে, তদন্ত কার্যক্রম শেষ হওয়ার আগে কোনো সদস্যের প্রকাশ্যে মন্তব্য বা অবস্থান গ্রহণ নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ফলে দলীয় সদস্যদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।

বিজ্ঞাপন

এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি উভয় নেতাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD