ছাত্রশিবির থেকে পদত্যাগ করলেন সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিদায়ের সময় তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) বিকেলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিতব্য সংগঠনের ষান্মাসিক কর্মসূচিকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত বৈঠকে সাদিক কায়েমসহ মোট নয়জন দায়িত্বশীলকে সাংগঠনিক নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়েছে।
মু’তাসিম বিল্লাহ শাহেদী বলেন, এটি সংগঠনের নিয়মিত প্রক্রিয়ার অংশ। ছাত্রত্ব ও সাংগঠনিক দায়িত্বের মেয়াদ শেষ হলে প্রতি ছয় মাস পরপর দায়িত্বশীলদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিন বিদায় নেওয়া অন্য নেতারা হলেন—কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
এদিকে সংগঠন থেকে বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ইসলামী ছাত্রশিবির থেকে আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।’








