সারজিস-পাটওয়ারীর সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এনসিপি নেতা

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আলোচনায় এসেছেন দলের সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে জেলা এনসিপির আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শেষ দিকে শফিজল ইসলাম বলেন, তিনি জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান এবং এলাকায় প্রচারে ভালো সাড়া পাচ্ছেন। উপস্থিত সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করার সময় তিনি বলেন, ‘খোদা হাফেজ, জয় বাংলা।’
এ স্লোগান উচ্চারণের পর মঞ্চে উপস্থিত নেতাদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও ফিসফাস শুরু হয়। পরে শফিজল ইসলাম মঞ্চ থেকে নেমে যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান, সুমাইয়া ফারজানা এবং জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তার কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পথসভায় অংশ নেন।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিষয়টি দেখে বিস্মিত হয়েছেন। তবে শফিজল ইসলাম এর আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। স্থানীয়ভাবে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে তাকে উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খাদেমুল ইসলামের দাবি, বড় জনসমাবেশে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা না থাকায় অসাবধানতাবশত তিনি ‘জয় বাংলা’ বলে ফেলেছেন।








