‘ফার্মের মুরগিরা রাজপথে নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে, শুধু কথার ফুলঝুড়ি দিয়ে আর চলবে না। বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। প্রশ্নপত্রেও ভুল ছিল, কিন্তু এ নিয়ে দুঃখ প্রকাশের পরিবর্তে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ ও ‘মাদকাসক্ত’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় অস্থায়ী মঞ্চে এ পথসভার আয়োজন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী যাদের ‘ফার্মের মুরগি’ বলে সমালোচনা করছেন, সেই শিক্ষার্থীরাই রাজপথে নেমেছিল বলেই আজ তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পরীক্ষামূলক বিষয় হিসেবে ব্যবহার করা উচিত নয়। সরকারের নীতিনির্ধারকদের সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করলেও দেশের সাধারণ শিক্ষার্থীদের নানা পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটি নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে, একইভাবে বর্তমান রাজনৈতিক বাস্তবতাও সংবিধানের বাইরে তৈরি হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়েছে বলে দাবি করেন তিনি।
বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন। কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো প্রয়োজনীয় সরকারি সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেন তিনি।
সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন তিনি। এ সময় স্থানীয় এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, এমন ঘটনায় থানায় গিয়ে মুচলেকা দেওয়ার নজিরও রয়েছে।
বিজ্ঞাপন
দেশে গ্যাস সংযোগের অনিয়ম, ভূমি দখল ও রাজস্ব ফাঁকির অভিযোগ তুলে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি শ্রেণি রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছে, যা বন্ধ হওয়া প্রয়োজন।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যবসা-বাণিজ্য বা আয়ের ওপর চাঁদাবাজির সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। জনগণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে এবং প্রয়োজন হলে আবারও আন্দোলন গড়ে উঠবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পথসভায় এনসিপির পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলী, জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ, শাকিল সাইফুল্লাহ, জাহিদুল হক বাঁধনসহ অন্যান্য নেতারা।








