Logo

জুলাইজুড়ে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করল এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন, ২০২৬, ২১:১৭
জুলাইজুড়ে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করল এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগ্রত ও নতুন প্রজন্মের কাছে সেই আন্দোলনের চেতনা তুলে ধরতে এক মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই জাগরণ’ শিরোনামে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও স্মারক কর্মসূচি পালন করবে দলটি।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি ঐতিহাসিক আন্দোলন। শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, মাদ্রাসা শিক্ষার্থী, নারী-পুরুষ, ধনী-গরিব—সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছিলেন। তাঁর ভাষায়, জুলাই মাসের প্রতিটি দিনই ছিল আন্দোলনের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়, যা শেষ পর্যন্ত ৫ আগস্টের বিজয়ে পৌঁছায়।

হাসনাত আব্দুল্লাহ জানান, সেই ইতিহাসকে নতুনভাবে স্মরণ এবং মানুষের মাঝে পুনরুজ্জীবিত করতেই প্রতিটি দিনের জন্য পৃথক কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা এবং ‘জুলাই থেকে জনপদ’ কর্মসূচির সূচনা। একইসঙ্গে বিচার ও গণভোটের দাবিতে দেশব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রার ঘোষণা দেওয়া হবে।

২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশজুড়ে গ্রাফিতি, দেয়াললিখন, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে জুলাই জাগরণ কর্মসূচি চলবে। ৫ থেকে ৯ জুলাই আয়োজন করা হবে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।

বিজ্ঞাপন

১০ জুলাই ‘বাংলাদেশের সাংস্কৃতিক পরবর্তী অভিমুখ: লেখক ও বুদ্ধিজীবীর দায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই আয়োজন করা হবে ‘জুলাই নারী সমাবেশ’। এ কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হবে।

১৫ জুলাই ‘কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই শহীদদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মোনাজাত এবং শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের আয়োজন থাকবে। রংপুরে শহীদ আবু সাঈদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবরও এদিন জিয়ারত করা হবে।

১৭ জুলাই ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল, ১৮ জুলাই ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডে’, ১৯ জুলাই ‘উত্তরার রক্তাক্ত জুলাই’ স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২০ জুলাই যাত্রাবাড়ি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

২২ জুলাই চিকিৎসকদের অবদান তুলে ধরে ‘সাদা অ্যাপ্রনের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীররা’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৩ জুলাই আহতদের অভিজ্ঞতা নিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান ও যন্ত্রণার দিনলিপি’ শীর্ষক কর্মসূচি থাকবে।

২৪ জুলাই ‘জুলাই যুব কনভেনশন’ এবং ‘অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা’ শীর্ষক দুটি পৃথক আয়োজন অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই শ্রমিক সমাবেশ ও স্মরণীয় আলোকচিত্র প্রদর্শনী, ২৬ জুলাই ‘সাদা পোশাকের জালিম’ শীর্ষক আলোচনা এবং ২৭ জুলাই ‘জুলাই গণঅভ্যুত্থান উদ্যোক্তাদের বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি পালন করা হবে।

৩০ জুলাই ‘ফিরে দেখা জুলাই’ এবং ‘হ্যাশট্যাগ থেকে গণঅভ্যুত্থান’ নামে দুটি কর্মসূচি থাকবে। ৩১ জুলাই শিক্ষকদের ভূমিকা নিয়ে ‘তীর্থে জুলাইয়ের ক্যাম্পাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে—১ আগস্ট ‘দেশপ্রেমের ইউনিফর্ম’ এবং ‘সংবাদে গণঅভ্যুত্থান’ শীর্ষক দুটি অনুষ্ঠান। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সময় ঝুঁকি নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা করা সংবাদকর্মীদের অবদান স্মরণ করতেই এই আয়োজন করা হবে।

২ আগস্ট ‘জুলাইয়ের গৃহযাত্রা’, ‘গণঅভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গ’ এবং ‘জুলাই স্মরণী প্রকাশ’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৩ আগস্ট পালন করা হবে ‘জনতার এক দফা’ কর্মসূচি। ৪ আগস্ট শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন থাকবে ‘শ্রদ্ধা, স্মৃতি ও প্রতিশ্রুতি’ শিরোনামে। আর ৫ আগস্ট বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী আয়োজন শেষ হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের পাশাপাশি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের উদ্যোগে পুরো মাসজুড়ে ‘প্রবাসে জুলাই’ কর্মসূচিও চলবে।

হাসনাত আব্দুল্লাহ জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি বাস্তবায়নে ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। তিনি নিজে কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন এবং সদস্যসচিব হিসেবে থাকবেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। বিভিন্ন পর্যায়ের নেতা, বিভিন্ন উইংয়ের প্রতিনিধি এবং ছাত্র সংগঠনের সদস্যরা এই কমিটির মাধ্যমে কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, প্রতিটি কর্মসূচির স্থান, সময় ও বিস্তারিত সূচি সংশ্লিষ্ট ইউনিট ও উইং পর্যায়ক্রমে প্রকাশ করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD