Logo

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ডিম নিক্ষেপ, অনুষ্ঠান ঘিরে উত্তেজনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, ১৩:০৫
লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ডিম নিক্ষেপ, অনুষ্ঠান ঘিরে উত্তেজনা
ছবি: সংগৃহীত

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা ওই অনুষ্ঠানের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সংসদ সদস্যকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের পেছনে অবস্থিত একটি ব্যাংকুয়েট হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এনসিপির এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল হাসনাত আবদুল্লাহর।

অনুষ্ঠান শুরুর কথা ছিল সন্ধ্যা ৬টায়। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত প্রায় ৯টার দিকে। এ সময় কয়েক ডজন পুলিশের কড়া নিরাপত্তায় তিনি ভিন্ন একটি প্রবেশপথ দিয়ে দ্রুত ভেন্যুর ভেতরে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

ভেন্যুর বাইরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে।

এর আগের দিন পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকায়ও হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ধাওয়া ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানা যায়।

জুলাই আন্দোলন সম্পর্কিত একটি সেমিনারে অংশ নিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আবদুল্লাহ। তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমও রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় প্রবাসী রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি নতুন নয়, তবে কোনো সংসদ সদস্যের অনুষ্ঠান ঘিরে এমন সরাসরি উত্তেজনা ও বিক্ষোভ তুলনামূলকভাবে বিরল ঘটনা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD