রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
রাশেদ খাঁন দাবি করেন, বিএনপিতে থাকার সময় রুমিন ফারহানা আওয়ামী লীগবিরোধী যে অবস্থান নিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের সঙ্গে তার মধ্যে সাংঘর্ষিকতা রয়েছে।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়! যখন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্ট আর রুমিন ফারহানা আপার ফেসবুক পোস্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন বলতেই হয়, জাতীয় সংসদে আওয়ামী লীগের একমাত্র যোগ্য প্রতিনিধি রুমিন ফারহানা আপা! হয়তো এ পারফরম্যান্স দেখে রুমিন ফারহানা আপাকে আওয়ামী লীগের বাংলাদেশ শাখার সভানেত্রী হিসেবেও দায়িত্ব দিতে পারে শেখ হাসিনা।’
রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য তার আগের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করেন রাশেদ খাঁন।
বিজ্ঞাপন
তিনি লেখেন, ‘তিনি গতকাল যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য তার অতীত বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক! ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নমিনেশন পাওয়ার আগে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী এমপি হয়ে সংসদ গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ফটোকপি গতকাল বিএনপির বিরুদ্ধে উত্থাপন করেছেন রুমিন ফারহানা আপা!’
আরও পড়ুন
বিজ্ঞাপন
রুমিন ফারহানার বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির উৎসাহ দিয়েছেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। একই সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়কার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিজ্ঞাপন
রাশেদ খাঁন লিখেছেন, ‘কিন্তু তিনি কি ভুলে গেছেন যে, কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের সময় জামায়াতের ৯০ জন এমপি কিভাবে হট্টগোল করছিল? নিজেরা যে সংস্কৃতির সূচনা করেছে, সেই ধরনের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা তো বেমানান!’
জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তার দাবি, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ মূলত নিজেদের জোট সরকারের দিকেই ইঙ্গিত করেছেন।
ওই সময়কার সরকার বিএনপি-জামায়াত জোট সরকার ছিল এবং জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী সে সরকারের কৃষিমন্ত্রী ছিলেন বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।
বিজ্ঞাপন
তিনি আরও মন্তব্য করেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জাতীয় সংসদে জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আব্দুল্লাহ ও স্বতন্ত্র এমপি রুমিন ফারহানারা সবাই আওয়ামী বয়ানের পক্ষে বেঁধেছে জোট!’
পোস্টের শেষাংশে রুমিন ফারহানার অতীতের একটি বক্তব্যের প্রসঙ্গও টেনে আনেন রাশেদ খাঁন। তিনি প্রশ্ন করেন, ‘কিন্তু জাতি কি ভুলে গেছে, জাতীয় নির্বাচনের আগে রুমিন ফারহানা আপা হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলে সম্বোধন করেছিলেন?’
রাশেদ খাঁনের পুরো বক্তব্য মূলত রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, তার আগের বক্তব্য এবং সংসদে বিএনপি ও জামায়াতের কয়েকজন সদস্যের ভূমিকা নিয়ে করা সমালোচনাকে কেন্দ্র করে।








